কুমিল্লায় নিহত স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) সঙ্গে থাকা আইফোনটি উদ্ধার হয়েছে। তার মরদেহ উদ্ধারের ঘটনায় আটক এক কিশোরের বাসা থেকে ফোনটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ফোনটি উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজ উদ্দিন ভূইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাতে তিনি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় ওই কিশোরের বাড়িতে অভিযান চালিয়ে নিহত অপ্রতিমের আইফোনটি উদ্ধার করেছে জেলা পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে শনিবার বিকেলে পুলিশ তাকে আটক করে। তবে তিনি ওই কিশোরের নাম বলেননি।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র অনুসারে, হত্যার ঘটনায় প্রথমে আটক হওয়া কিশোর তুহিনের বাসা থেকে ফোনটি উদ্ধার হয়েছে। ওই ঘটনায় শাহরিয়ার আনাস ও মো. ফাহিম নামে আরও দুই কিশোরকে আটক করে পুলিশ। অপ্রতিম হত্যাকাণ্ডে তাদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। প্রথমে আটক হওয়া তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দু’জনকে আটক করা হয়।
এদিকে রোববার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে তদন্তের ফলাফল তুলে ধরা হবে বলে জানা গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতীম। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.