আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর সিলেট জোনের দিনব্যাপী ‘টাউন হল মিটিং’ নগরীর “গ্রান্ড সিলেট” এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান, পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, মোঃ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত এ মিটিংয়ে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভূঁঞা, মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা এবং সৈয়দ আবুল হাশেম, এফসিএ,এফসিএমএ, উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দীর্ঘ পথচলায় গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে এগিয়ে এসেছে। বর্তমান সময়ে আমরা নতুন উদ্যমে আরও শক্তিশালী ও সুসংগঠিতভাবে সামনে এগিয়ে যেতে চাই। মানসম্মত ব্যবসা সম্প্রসারণ, আমানত বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাংকের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। সর্বোপরি শরিয়াহ্র নীতি ও মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের প্রতিটি কার্যক্রম পরিচালনা করতে হবে।

ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান বলেন, একটি প্রতিষ্ঠানের অগ্রযাত্রার মূল শক্তি হলো তার মানুষ ও সম্মিলিত প্রচেষ্টা। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রতিটি শাখা ও কর্মকর্তাকে নিজ নিজ কর্মক্ষেত্রে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি, মানসম্মত আমানত সংগ্রহ, গ্রাহকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং উন্নত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। আমরা এক দল, এক লক্ষ্য নিয়ে সমন্বিতভাবে কাজ করলে ইনশাআল্লাহ্ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে আরও শক্তিশালী, আধুনিক ও টেকসই ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান বলেন, আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তারা সবাই মিলে একটি পরিবার। এই টাউন হল হচ্ছে আমাদের পারস্পরিক সংযোগ, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জিএসডি ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ। এসময় প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম আমজাদ হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী টাউন হল মিটিংয়ে ব্যাংকের সিলেট অঞ্চলের ১৮টি শাখা এবং ১০টি উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.