সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব, সম্পদ ও দেশে-বিদেশে আর্থিক লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদক থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের সই করা চিঠিতে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব ও সম্পদসংক্রান্ত বিভিন্ন তথ্য ও নথি সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে দেশের সব ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে তাদের নামে থাকা চালু, সুপ্ত ও বন্ধ হিসাবের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। পাশাপাশি ডেবিট-ক্রেডিট কার্ড, ব্যাংক লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণসংক্রান্ত নথিও চেয়েছে দুদক।
এ ছাড়া পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের অভিযোগের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এসব দেশে তাদের কোনো ব্যাংক হিসাব বা বিনিয়োগ রয়েছে কি না, সে-সংক্রান্ত তথ্যও বিএফআইইউর কাছে চেয়েছে সংস্থাটি।
এর আগে চলতি মাসের শুরুতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের কথা জানায় দুদক। বর্তমানে এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.