ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের আওতায় মোট ৬১টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে পুলিশের একাধিক বিভাগ অংশ নেয়। এর মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওয়ারী বিভাগে ৮৬ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, গুলশান বিভাগে ৪৯ জন, রমনা বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে এক কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ১৩ দশমিক ৮ গ্রাম হেরোইন এবং ২১০ বোতল ফেনসিডিল।

পুলিশের অভিযানে অপরাধীদের কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি হাতকড়া, দুটি গোয়েন্দা পুলিশের জ্যাকেট, ম্যাগাজিনসহ একটি খেলনা পিস্তল, ১৪টি মোবাইল ফোন, একটি ফয়েল পেপার এবং নগদ ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া একটি অটোরিকশা ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানের সময় অপহৃত বা আটকে রাখা তিনজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযানে উদ্ধার করা আলামত ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গুরুত্বপূর্ণ শব্দ: ডিএমপি, ঢাকা, গ্রেপ্তার, অভিযান, অপরাধবিরোধী অভিযান, মামলা, অস্ত্র, মাদক, ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিল

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.