মধ্যরাতে মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে রাতে পার্কিং করে রাখা একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বসিলা রোডে জল তরঙ্গ সুইমিং পুলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, দিনের বেলায় বাসটিতে মেরামতের কাজ করার পর কোনো যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে পার্কিং করে রাখা বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি তারা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, জল তরঙ্গ সুইমিং পুলের সামনে পার্কিং করা মিডলাইন পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন লাগে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৯৪২১।

তিনি বলেন, বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন বাসটিতে মেরামতের কাজ করা হয়েছিল। এ কারণে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

তবে ঘটনাটি নিছক যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—সেটিও খতিয়ে দেখছে পুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে বলে জানান ওসি।

আগুনে বাসটির বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.