মক্কার আকাশে হুতিদের ড্রোন, সৌদির কড়া হুঁশিয়ারি

মক্কার আকাশসীমার কাছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ড্রোনটি শনাক্ত করা হয়। মক্কার নির্ধারিত নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে প্রতিহত করা হয়। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ শহরটির দক্ষিণাঞ্চলে গিয়ে পড়ে।

মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি দ্বিতীয় হামলার চেষ্টা বলে দাবি করেছেন আল-মালিকি। তাঁর ভাষ্য অনুযায়ী, এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই পবিত্র নগরীটির দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

সৌদি জোটের এই মুখপাত্র বলেন, মক্কার দুই পবিত্র মসজিদ, মুসল্লি এবং হজ-ওমরাহ পালনকারীদের নিরাপত্তা সৌদি আরবের জন্য ‘লাল রেখা’। এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এর এক দিন আগে সৌদি জোট জানিয়েছিল, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় খামিস মুশাইত, আবহা ও তাইফ এলাকায় ১৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। এসব হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।

ইয়েমেনে কয়েক বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ের শুরু থেকে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়েছে। ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা ও দেশের কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে যুদ্ধ শুরু হয়। এর পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট সামরিক হস্তক্ষেপ করলে সংঘাত আরও বিস্তৃত রূপ নেয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.