ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত নিয়মিত অভিযানে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান পরিচালনাকালে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের আওতায় মোট ৪০টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৪৮, ওয়ারীতে ৬৪, মতিঝিলে ৬৭, তেজগাঁওয়ে ৭৭, মিরপুরে ১৩৫, গুলশানে ৪৩, উত্তরা বিভাগে ৩৩ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৮ জন রয়েছেন। অভিযানকালে ৩৬ হাজার ৬৪৯ পিস ইয়াবা, ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০ পুরিয়া হেরোইন ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ২টি ছোরা, ১টি চাকু, ১টি ভ্যানিটি ব্যাগ, ১৯টি মোবাইল ফোন, ২টি গ্যাস লাইট, ২টি বোতলের মুখ, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি ব্যানার, ৪ লিটার পেট্রল ও ১৪টি বাঁশের মশাল উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, ডিএমপির বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.