ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাগালিয়া নদীতে স্পিডবোট উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে চাতলপাড় এলাকা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের রায়হান উদ্দিনের ছেলে দয়াল (২৪) এবং কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার হানিফ মিয়ার ছেলে মো. সজীব (২৫)।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ লাল ঘোষ জানান, বিকেলে চাতলপাড় গ্রাম থেকে তিনজন স্পিডবোটে করে চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসা শেষে রাতে বাড়ি ফেরার সময় খাগালিয়া নদীতে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ সময় স্পিডবোটে থাকা যাত্রীরা পানিতে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দয়াল ও সজীবকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা কৃষ্ণ লাল ঘোষ আরও জানান, নিহতদের মরদেহ চাতলপাড় পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.