এআই সতর্কবার্তায় উদ্বেগে বৈশ্বিক পুঁজিবাজার, চাপের মুখে প্রযুক্তি ও চিপ শেয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের সতর্কবার্তার প্রভাব পড়েছে বৈশ্বিক পুঁজিবাজারে। এআই প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতের কোম্পানিগুলোর ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় সোমবার এশিয়ার বিভিন্ন বাজারে প্রযুক্তি শেয়ারে বড় ধরনের দরপতন হয়েছে। একই সঙ্গে কমেছে যুক্তরাষ্ট্রের নাসডাক সূচকের ফিউচার।

এআই প্রযুক্তির উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই। তার সঙ্গে একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন এক্সএআইয়ের প্রধান ইলন মাস্ক এবং ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। তাদের বক্তব্যের পর এআইকেন্দ্রিক বিনিয়োগের ভবিষ্যৎ রিটার্ন ও প্রযুক্তিগত অগ্রগতির ধারাবাহিকতা নিয়ে বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সোমবার এশিয়ার লেনদেনে যুক্তরাষ্ট্রের নাসডাকের ই-মিনি ফিউচার প্রায় ১ দশমিক ৩ শতাংশ কমে যায়। জাপানে ওপেনএআইয়ের অন্যতম বিনিয়োগকারী সফটব্যাংকের শেয়ার একপর্যায়ে ১৩ দশমিক ২ শতাংশ পর্যন্ত পড়ে যায়।

এআই অবকাঠামো ও চিপ সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর শেয়ারেও বড় পতন দেখা গেছে। জাপানে মেমোরি চিপ নির্মাতা কিওক্সিয়ার শেয়ার ৯ দশমিক ৮ শতাংশ এবং চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রনের শেয়ার ৩ দশমিক ৭ শতাংশ কমেছে।

তাইওয়ানে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ার ১ দশমিক ২ শতাংশ কমে যায়। দক্ষিণ কোরিয়ায় এসকে হাইনিক্সের শেয়ার ৫ দশমিক ৩ শতাংশ এবং স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ার ৩ দশমিক ৭ শতাংশ কমেছে।

চীনের বাজারেও এআই ও চিপ কোম্পানির শেয়ারে বিক্রির চাপ দেখা গেছে। সাংহাইয়ে মেমোরি চিপ নির্মাতা সিএক্সএমটির শেয়ার সর্বোচ্চ ৩ দশমিক ৬ শতাংশ এবং সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনের শেয়ার ২ দশমিক ৬ শতাংশ কমেছে। হংকংয়ে ঝংজি ইনোলাইটের শেয়ার ৬ দশমিক ৭ শতাংশ, মিনিম্যাক্স ৭ দশমিক ৮ শতাংশ এবং এআই মডেল নির্মাতা জেডএআইয়ের শেয়ার ১০ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কমেছে।

অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই শনিবার প্রকাশিত এক লেখায় এআই মডেলের সক্ষমতা বৃদ্ধির গতি কমানোর আহ্বান জানান। তার আশঙ্কা, আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে এআই এজেন্ট পুরো ইন্টারনেট নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা অর্জন করতে পারে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকিও তৈরি হতে পারে বলে সতর্ক করেন তিনি।

এর আগে অ্যানথ্রপিকের এক হুমকি বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির তৈরি ক্লড এআই মডেল অস্ত্র তৈরি, সাইবার হামলা, নজরদারি ও প্রতারণার মতো কাজে ব্যবহার করা হয়েছে। ফলে প্রযুক্তির দ্রুত বিস্তারের পাশাপাশি এর অপব্যবহার নিয়েও উদ্বেগ বাড়ছে।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানও কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানবসভ্যতার অস্তিত্বের জন্য তৈরি হওয়া ঝুঁকিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে চলতি বছর ওপেনএআইকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনাও এগোবে না বলে জানিয়েছেন তিনি।

বাজার বিশ্লেষকদের মতে, এআই সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের উচ্চ মূল্যায়নের পেছনে দীর্ঘদিন ধরে দ্রুত প্রবৃদ্ধি ও প্রযুক্তিগত অগ্রগতির প্রত্যাশা কাজ করেছে। ফলে এআই উন্নয়নের গতি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হলে এসব শেয়ারে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাড়তে পারে।

সনি ফাইন্যান্সিয়াল গ্রুপের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ তাকায়ুকি মিয়াজিমা বলেন, এআই উন্নয়নের গতি কমানোর আহ্বানের পর টোকিওর এআই ও সেমিকন্ডাক্টর সংশ্লিষ্ট শেয়ারে বিক্রির চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তাও বিনিয়োগকারীদের মনোভাবে নেতিবাচক প্রভাব ফেলছে।

সিঙ্গাপুরভিত্তিক স্যাক্সো ব্যাংকের প্রধান বিনিয়োগ কৌশলবিদ চারু চানানা বলেন, স্বল্পমেয়াদে এআই ও চিপ নির্মাতা কোম্পানির শেয়ারে এসব সতর্কবার্তার প্রভাব থাকতে পারে। কারণ এসব কোম্পানির বর্তমান মূল্যায়নের পেছনে শক্তিশালী চাহিদা ও প্রযুক্তিগত অগ্রগতির ধারাবাহিকতার প্রত্যাশা রয়েছে।

লন্ডনভিত্তিক টি রো প্রাইসের পোর্টফোলিও ব্যবস্থাপক সেবাস্তিয়েন মালেটের মতে, এআই প্রযুক্তি বিশ্বকে পরিবর্তন করবে—এ নিয়ে সন্দেহ কম। তবে এআই অবকাঠামোতে যে বিপুল বিনিয়োগ হচ্ছে, তার প্রতিটি উদ্যোগ থেকে আকর্ষণীয় আর্থিক রিটার্ন আসবে—এমন নিশ্চয়তা নেই।

২০২২ সালে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর এআই সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার বৈশ্বিক পুঁজিবাজারের উত্থানের অন্যতম চালিকাশক্তি হয়ে ওঠে। কিন্তু এআই এজেন্টের মাধ্যমে সাইবার হামলা, ডেটা সেন্টার নির্মাণ নিয়ে স্থানীয় পর্যায়ে অসন্তোষ এবং বিপুল বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত রিটার্ন পাওয়া নিয়ে প্রশ্ন এখন বিনিয়োগকারীদের হিসাবেও প্রভাব ফেলছে।

এআই প্রযুক্তির নিরাপত্তা নিয়েও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। চলতি মাসে দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনার অংশ হিসেবে বিষয়টি উঠতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর সতর্কবার্তার সমালোচনা করে এটিকে চীনের প্রযুক্তিগত উন্নয়ন বাধাগ্রস্ত করার কৌশল হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশকারীদের সমালোচনা করেছেন। রোববার তিনি সমালোচকদের অত্যন্ত নেতিবাচক শক্তি হিসেবে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে এআই শিল্পে নেতৃত্ব ধরে রাখার আহ্বান জানান।

ফলে এআই প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং খাতে বিপুল বিনিয়োগের বিপরীতে সম্ভাব্য আর্থিক রিটার্ন—দুই বিষয়ই এখন প্রযুক্তি শেয়ারের জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি হয়ে উঠেছে। এসব উদ্বেগ দীর্ঘস্থায়ী হলে এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানির মূল্যায়ন এবং বৈশ্বিক প্রযুক্তি শেয়ারের গতিপথেও এর প্রভাব পড়তে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.