চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ সংক্রান্ত সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের আজ এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, একসময় গায়েবি মামলাগুলোর বাদী হতো পুলিশ। কিন্তু গত দুই বছরে পুলিশ বাদী হয়ে একটিও রাজনৈতিক মিথ্যা গায়েবি মামলা করেনি। ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি কারো বিরুদ্ধে মামলা কওে, পুলিশ সেটিও খতিয়ে দেখবে এবং তদন্ত করবে। তবে মামলা নিতে পুলিশ অস্বীকার করতে পারবে না। আইন তাকে সে ক্ষমতা দেয়নি। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় সুন্দরবনের জলদস্যুদের দৌরাত্ম্য কমাতে কোস্টগার্ড ও প্রশাসন যৌথভাবে কাজ করছে। এছাড়া মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান রোধে প্রশাসনিকভাবে যা যা করার দরকার সবই করা হবে বলেও জানান তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, সরকার অবশ্যই জুলাই সনদ অনুসারেই তা বাস্তবায়ন করবে। এখানে কোনো ইফ এবং বাট নেই। এটার জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। আমরা সেই পথ ধরেই এগোচ্ছি। আশা করি আমাদের বিরোধী দলও সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। এটাই প্রত্যাশা করি।
এর আগে মন্ত্রী সাতক্ষীরার জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেসময় বিচার বিভাগকে গতিশীল করার জন্য দ্রুত শূন্য পদে বিচারক নিয়োগ এবং মামলার জট কমানোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.