প্রস্তাবিত ‘ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬’ নিয়ে ওয়েবিনারের আয়োজন করেছে ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত এ ওয়েবিনারে প্রস্তাবিত আইনের বিভিন্ন দিক, পরিপালন এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আইসিএসবির সেমিনার অ্যান্ড কনফারেন্স সাব-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শওকত ইকবাল এফসিএসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এফসিএস।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএসবির সাবেক প্রেসিডেন্ট এবং ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের নির্বাহী সভাপতি মুজাফফর আহমেদ এফসিএমএ, এফসিএস।
স্বাগত বক্তব্যে আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এফসিএস দ্রুত পরিবর্তনশীল নিয়ন্ত্রক ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে পেশাগত দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। কার্যকর পরিপালন ও সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের জন্য আইনগত বিষয়ে সর্বশেষ তথ্য সম্পর্কে পেশাজীবীদের অবগত থাকার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি।
মূল প্রবন্ধে মুজাফফর আহমেদ এফসিএমএ, এফসিএস প্রস্তাবিত ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্টের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তিনি বলেন, উচ্চমাত্রার খেলাপি ঋণ ব্যাংকিং খাতের আর্থিক স্বাস্থ্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তার সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। প্রস্তাবিত আইনটি এই পদ্ধতিগত চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সাবেক এএমডি এ. টি. এম. তাহমিদুজ্জামান এফসিএস প্রস্তাবিত আইনের প্রধান বৈশিষ্ট্য তুলে ধরেন। আইনটি কার্যকর হলে চার্টার্ড সেক্রেটারিদের সম্ভাব্য গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টিও তিনি তুলে ধরেন।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির এফসিএস প্রস্তাবিত আইনের কয়েকটি অস্পষ্টতা চিহ্নিত করেন। এসব বিষয়ে প্রয়োজনীয় সংশোধনের জন্য আইসিএসবির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পরামর্শ দেন তিনি।
সমাপনী বক্তব্যে আইসিএসবির সেমিনার অ্যান্ড কনফারেন্স সাব-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শওকত ইকবাল এফসিএস বলেন, ওয়েবিনারের আলোচনায় দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতির একটি স্পষ্ট চিত্র উঠে এসেছে। একই সঙ্গে প্রস্তাবিত আইনটি কেন গুরুত্বপূর্ণ, সে বিষয়টিও বিস্তারিতভাবে আলোচিত হয়েছে।
সেমিনার অ্যান্ড কনফারেন্স সাব-কমিটির মেম্বার সেক্রেটারি মো. শহীদ উদ্দিন এসিএসের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে ওয়েবিনারের আনুষ্ঠানিক অংশ শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্য মো. মাইন উদ্দিন এফসিএস। পরে প্রশ্নোত্তর পর্বে আইসিএসবির উল্লেখযোগ্যসংখ্যক সদস্য সক্রিয়ভাবে অংশ নেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.