ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। ধ্বংসাবশেষে তল্লাশি চালিয়ে নতুন করে ৪১ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৩ জন।
ম্যানিলা থেকে পর্যটনকেন্দ্র কোরনের পথে থাকা এমভি জুন অ্যাস্টার ফেরিটিতে এ আগুন লাগে। দুর্ঘটনার সময় ফেরিটিতে ১৩০ জনের বেশি যাত্রী ছিলেন।
উদ্ধারকাজে বিষাক্ত ধোঁয়া ও ফেরির ভেতরের তীব্র তাপমাত্রা বড় বাধা হয়ে দাঁড়ায়। ফলে শুক্রবারের আগে উদ্ধারকারীরা ফেরিটির ভেতরে প্রবেশ করতে পারেননি।
ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করা এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করাই এখন কর্তৃপক্ষের অগ্রাধিকার। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ফেরির কার্গো রাখার অংশে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।
ফেরিটি পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাটিয়েনজা ইন্টারআইল্যান্ড ফেরিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চলমান তদন্তে তারা কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.