বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় আবহাওয়ার বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে।

শুক্রবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন ওডিশা-অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী নির্দেশিত সময় পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.