উদ্ভাবনকে বাজারমুখী করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় গবেষণা ও মেধাভিত্তিক উদ্ভাবনকে ল্যাবরেটরির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিক উৎপাদনে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব উদ্ভাবনকে সরাসরি মূলধারার বাজারের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটার প্রাঙ্গণে ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার মূল লক্ষ্য দেশীয় উদ্ভাবক ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতিনির্ধারক, উদ্যোক্তা, দেশি-বিদেশি বিনিয়োগকারী এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে টেকসই বাণিজ্যিক সংযোগ তৈরি করা।

আয়োজকরা জানান, এবারের মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, উদীয়মান স্টার্টআপ এবং এসএমই প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

প্রযুক্তি, চিকিৎসা, কৃষি, শিক্ষা ও পরিবেশসহ বিভিন্ন খাতের ১ হাজারেরও বেশি নতুন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি মেলায় প্রদর্শন করা হচ্ছে।

মেলার অন্যতম উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ের উদ্ভাবকদের প্রশাসনিক ও আর্থিক জটিলতা কমানো এবং তাদের মেধাস্বত্ব সুরক্ষায় সহায়তা করা।

আয়োজকরা আরও জানান, মেলার দ্বিতীয় দিনে স্বাস্থ্যসেবা নিয়ে ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কম খরচে আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়ার প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়ে আয়োজিত এই সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মেলায় কৌশলগত অংশীদার হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এবং এফআইসিসিআই এবং কারিগরি অংশীদার হিসেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কাজ করছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.