রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ শুরুর আগেই মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে দেশব্যাপী এ অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় সর্বোচ্চ প্রকোপের আগেই দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ ঘোষণা করেছেন।
তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং রোগটির প্রতিরোধ ও চিকিৎসায় সমন্বিত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রধানমন্ত্রী গত মঙ্গলবার স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন।
এ সময় ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সমন্বিতভাবে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.