দেশের বালাইনাশক খাতের বিশৃঙ্খলা দূর ও বাণিজ্য সহজ করতে একই ধরনের কার্যক্রম পরিচালনাকারী দুটি বাণিজ্য সংগঠনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) লাইসেন্স বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
একই সঙ্গে বামাকে বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) সঙ্গে একীভূত করা হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উভয় সংগঠনই বালাইনাশকের কাঁচামাল আমদানি, উৎপাদন, বিতরণ ও বাজারজাতকরণের সঙ্গে সম্পর্কিত। দুই সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কাজের পরিধি একই হওয়ায় একই খাতে একাধিক সংগঠন থাকলে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল।
মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) সদস্য সংখ্যা ১ হাজার ২৩০। অন্যদিকে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) সদস্য সংখ্যা মাত্র ২০ প্রতিষ্ঠান। এছাড়া বামার অধিকাংশ সদস্য আগে থেকেই বিসিপিএর সদস্য ছিলেন বা এখনও রয়েছেন।
এমন পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে, বালাইনাশক ব্যবসার সুশৃঙ্খল পরিচালনা ও সার্বিক স্বার্থে একটি মাত্র শক্তিশালী সংগঠন থাকাই যৌক্তিক। তাই বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ৮ ধারা এবং বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর ১০ বিধির ক্ষমতাবলে ২০২২ সালে বামাকে দেওয়া লাইসেন্স বাতিল করেছে সরকার।
বামার লাইসেন্স বাতিল ও বিসিপিএর সঙ্গে একীভূতকরণের এ প্রক্রিয়ার মাধ্যমে দেশের কৃষি ও বালাইনাশক খাতে দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর হবে এবং ব্যবসায়ীদের প্রশাসনিক জটিলতা কমে আসবে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.