ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে যাত্রীবাহী একটি ফেরিতে ভয়াবহ আগুনে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৩ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো ৮০ জনের বেশি যাত্রীর খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে সমুদ্রে অভিযান চলছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে দেশটির পালাওয়ান দ্বীপের করোন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে আগুন লাগে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফিলিপাইনের কোস্ট গার্ডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবিয়াব জানান, আগুন লাগার পর বুধবার রাতেই ফেরিটি থেকে ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে কয়েকটি মরদেহও উদ্ধার করেছেন।

কোস্ট গার্ডের প্রকাশ করা ভিডিওতে ফেরিটির বিভিন্ন অংশ দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। আগুনের তীব্রতায় ফেরিটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কায়াবিয়াব জানান, ফেরিটির যাত্রী তালিকায় ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রুর নাম ছিল। অর্থাৎ আগুন লাগার সময় ফেরিটিতে মোট ১৩৪ জন ছিলেন।

উদ্ধার হওয়া ও নিহতদের সংখ্যা বিবেচনায় এখনো ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, ফেরিটি রাজধানী ম্যানিলার বাসেকো এলাকা থেকে যাত্রা শুরু করে পর্যটনকেন্দ্র করোনের দিকে যাচ্ছিল। কীভাবে ফেরিটিতে আগুনের সূত্রপাত হলো, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং ৮৬ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

হাসপাতালে আহতদের নেওয়ার কাজে সহায়তাকারী এক কর্মকর্তা ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.