সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংক পিএলসির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং এনআরবি ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ ও বিনিয়োগ সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ তহবিল গঠন করা হয়েছে।
এর মাধ্যমে দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং মন্থর অর্থনীতির চাকা গতিশীল করার লক্ষ্য রয়েছে বাংলাদেশ ব্যাংকের।
এ তহবিলের আওতায় সাধারণভাবে সচল সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছে না, তারা মাত্র ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাবে।
এ ব্যবসায়িক অগ্রযাত্রায় এনআরবি ব্যাংক পিএলসি গর্বিত সহযোগী হিসেবে ভূমিকা রাখছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.