জাতীয় উন্নয়ন ও হিসাব পেশার অগ্রগতিতে একসঙ্গে কাজ করবে আইসিএমএবি-আইসিএবি

বাংলাদেশের হিসাব পেশার উন্নয়ন, পেশাগত উৎকর্ষ বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে যৌথভাবে অবদান রাখার লক্ষ্যে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ও ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর মধ্যে যৌথ সহযোগিতা কাঠামো স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় আইসিএবি কাউন্সিল হলে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সহযোগিতা কাঠামোতে স্বাক্ষর করেন আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাওমরুজ্জামান এবং আইসিএমএবির নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম এফসিএমএ।

অনুষ্ঠানে আইসিএমএবির সভাপতি মো. কাউসার আলম এফসিএমএ এবং আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ এফসিএসহ উভয় প্রতিষ্ঠানের সহসভাপতি, কাউন্সিল সদস্য, সাবেক সভাপতি, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আইসিএমএবি সভাপতি মো. কাউসার আলম এফসিএমএ বলেন, জাতীয় নীতি প্রণয়ন ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে হিসাব পেশার কার্যকর অবদান নিশ্চিত করতে আইসিএমএবি ও আইসিএবিকে নীতিগত পর্যায়ে আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে হবে। হিসাব পেশার স্বার্থে একটি সমন্বিত ও শক্তিশালী কণ্ঠস্বর গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আইসিএবি সভাপতি সাব্বির আহমেদ এফসিএ বলেন, দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জাতীয় নীতি প্রণয়নে পেশাজীবীদের ভূমিকা আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি পেশার স্বীকৃতি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের হিসাব পেশার সামগ্রিক মর্যাদা ও অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

যৌথ সহযোগিতা কাঠামোর আওতায় যৌথ গবেষণা, পেশাগত প্রশিক্ষণ ও অব্যাহত পেশাগত উন্নয়ন কর্মসূচি, সম্মেলন, সিএফও ফোরাম, সেমিনার, নীতি সংলাপ এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে।

এ ছাড়া শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পেশাদার হিসাববিদ্যার গুরুত্ব তুলে ধরা এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে পেশাজীবী হিসাববিদদের ভূমিকা নিয়ে যৌথভাবে নীতি-প্রস্তাব উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে হিসাব পেশার ঐক্য, গ্রহণযোগ্যতা, মর্যাদা ও আন্তর্জাতিক স্বীকৃতি আরও জোরদার করার বিষয়েও উভয় প্রতিষ্ঠান ঐকমত্য প্রকাশ করেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.