বাংলাদেশ–যুক্তরাজ্য বাণিজ্য করিডরকে আরও গতিশীল করা এবং বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সুযোগ কাজে লাগানোর লক্ষ্যে ঢাকায় উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও যুক্তরাজ্যের এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি ইউকে এক্সপোর্ট ফাইন্যান্সের (ইউকেইএফ) যৌথ উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গোলটেবিল বৈঠকে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ব্রিটিশ হাই কমিশন ঢাকা, ইউকেইএফ এবং দেশের শীর্ষস্থানীয় ওষুধ শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ব্যবসা, সি-ফুড ও ফুটওয়্যারসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বাংলাদেশের বাজারে বিদ্যমান সুযোগ ও চ্যালেঞ্জ এবং বাণিজ্য অর্থায়ন ও এক্সপোর্ট ক্রেডিট কীভাবে সহায়ক ভূমিকা রাখতে পারে, তা নিয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে ইউকেইএফ সমর্থিত অর্থায়নের বাস্তব প্রয়োগ, এক্সপোর্ট ক্রেডিট সুবিধার কাঠামো এবং এসব প্রকল্পের তালিকা কীভাবে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার—অবকাঠামো, টেকসই উন্নয়ন ও শিল্প খাতের আধুনিকায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা যায়, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড দীর্ঘ ১২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়নযাত্রার অংশীদার। বাংলাদেশ যখন উন্নয়নের নতুন ধাপে অগ্রসর হচ্ছে, তখন যুক্তরাজ্যের মতো কৌশলগত অংশীদারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আজকের গোলটেবিল বৈঠকের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের সঙ্গে এবং বিশ্বকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করা হয়েছে। ইউকে এক্সপোর্ট ফাইন্যান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ব্যাংকটি তাদের ক্লায়েন্টদের জন্য বিশ্বমানের যুক্তরাজ্যভিত্তিক দক্ষতা, প্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে আসতে পারবে।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এ ধরনের গোলটেবিল বৈঠক ইউকেইএফের প্রতিনিধিদের সরকার ও ব্যবসায়িক নেতাদের কাছ থেকে সরাসরি মতামত শোনার সুযোগ করে দেয়। একই সঙ্গে যুক্তরাজ্যের দক্ষতা ও অর্থায়ন কোন কোন ক্ষেত্রে বাংলাদেশের উদ্ভাবন, প্রবৃদ্ধি ও উন্নয়নে সহায়তা করতে পারে, তা চিহ্নিত করার সুযোগ তৈরি হয়।
বাংলাদেশের বাজারে দীর্ঘ উপস্থিতি ও গভীর অভিজ্ঞতার ভিত্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ইউকেইএফের প্রধান অংশীদার হতে আগ্রহী। ব্যাংকটি বাংলাদেশের করপোরেট প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সরবরাহকারী, প্রযুক্তি ও মূলধনের সংযোগ তৈরিতে কাজ করবে।
এর মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণ, যুক্তরাজ্যের মানসম্পন্ন পণ্য ও সেবা গ্রহণ, ব্যবসায়িক কার্যক্রম আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদনশীলতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি অগ্রগতির অংশীদার হিসেবে ১২০ বছরেরও বেশি সময় ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের পরিবর্তনশীল বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশকে সহায়তা করে আসছে। ইউকে এক্সপোর্ট ফাইন্যান্সের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটি টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, রপ্তানি ও সরবরাহ শৃঙ্খলের বহুমুখীকরণে সহায়তা করা এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.