ইউক্রেন সফরে আসা ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে স্বাগত জানান জেলেনস্কি।
এর পাশেই গত শুক্রবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে একটি রুশ ড্রোন আঘাত করেছিল।
বৈঠকের আগে জেলেনস্কি জানান, যুদ্ধের অবসান ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা করতে ইউক্রেন প্রস্তুত। তবে এর জন্য সম্মানজনক শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন হবে বলেও জানান তিনি।
শনিবার ওই দুই মার্কিন দূত যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনার জন্য মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। ক্রেমলিন ওই বৈঠককে খোলাখুলি ও গঠনমূলক বলে বর্ণনা করেছে।
মার্কিন প্রতিনিধিরা বিমানে পোল্যান্ড যাওয়ার পর ট্রেনে করে কিয়েভে যান। জেলেনস্কি গণমাধ্যমকে জানান, প্রস্তুতি থাকার পরেও তাদের পক্ষে বিমানটি অবতরণ করানো সম্ভব হয়নি।
আলোচনাকারীদের এই সফর চলাকালীন তিন দিনের জন্য একে অপরের রাজধানীতে হামলা বন্ধ রাখতে পুতিন ও জেলেনস্কি সম্মত হয়েছেন।
শনিবার ক্রেমলিনে যখন উইটকফ ও কুশনার আলোচনায় ব্যস্ত ছিলেন, তখন জেলেনস্কি বলেন, তিনি ও তার দল একটি অর্থবহ আলোচনার জন্য প্রস্তুত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার জেলেনস্কি লিখেছেন, তার দেশ সবসময়ই গঠনমূলক ছিল এবং থাকবে। আমরা এই যুদ্ধের সমাপ্তি আরো এগিয়ে আনতে আগ্রহী। শান্তি প্রয়োজন। নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। যুদ্ধোত্তর শান্তির একটি মর্যাদাপূর্ণ চরিত্র প্রয়োজন। আমাদের প্রস্তাবগুলো প্রস্তুত আছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.