দুটি বিলের বিরোধিতা করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল দুর্বল আকারে আনা হয়েছে- এমন অভিযোগ করে বিল দুটি পাসের প্রক্রিয়া শুরু হওয়ার আগমুহূর্তে সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন থেকে বের হয়ে যান। এর আগে একই বিলের জনমত যাচাইয়ের সময়ও তারা সংসদ বর্জন করেন।
রোববার জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল পাশের জন্য উত্থাপন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। পরে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাশের জন্য উত্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলীয় নেতা বলেন, সরকারি দলের পক্ষ থেকে যখন বিলগুলো বাতিল করা হয়, তখন বলা হয়েছিল যে অত্যন্ত শক্তিশালী এবং আরও ভালো আকারে তারা নিয়ে আসবে। মানবাধিকার সংক্রান্ত যে বিলটা এসেছে, সেখানে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে। মানবাধিকার কমিশনকে একটা ইউনিফর্ম অথরিটি দেওয়া হয় নাই।
বিরোধী দলীয় নেতা বলেন, মানবাধিকার সংক্রান্ত বিলে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে। সাধারণ মানুষ যদি কোনো মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে মানবাধিকার কমিশন সরাসরি তার তদন্ত করতে পারবে।
শৃঙ্খলা বাহিনীর জন্য বিশেষ বিধানের কথা উল্লেখ করে তিনি বলেন, আইনের দ্বৈত প্রয়োগ হতে পারে না। রাষ্ট্রীয় বাহিনী তারা রাষ্ট্রের কর্মচারী, কিন্তু তারা এ দেশের নাগরিক। একই অপরাধে একজনের জন্য সরাসরি তদন্ত করা যাবে, আরেক জায়গায় আটকে পড়ে যাবে- এটা হতে পারে না।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিরোধী দলীয় নেতার উদ্দেশে বলেন, ওয়াকআউট করার জন্য আপনাকে ধন্যবাদ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.