প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিদিশার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর রহমান খান ও মাসুদ মিয়া।
আইনজীবী মাসুদ মিয়া জানান, বিদিশার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় হাইকোর্টের জামিন আদেশের পর তার মুক্তিতে বাধা নেই।
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের সময় আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল।
গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ।
২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি ব্যবসায়ী মোশাররফ হোসেন বিদিশার বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২০০১ সালে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট কেনার জন্য বিদিশার সঙ্গে ৮০ লাখ টাকার চুক্তি করেন তিনি। পরে বিদিশার মনোনীত ব্যক্তি আবদুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডারের মাধ্যমে টাকা পরিশোধ করেন বাদী।
অভিযোগে বলা হয়, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি। পরে টাকা ফেরতের আশ্বাস দিয়ে ২০০৫ সালে ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হলেও ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় সেটি ডিজঅনার হয়।
বাদীর দাবি, এরপরও টাকা বা ফ্ল্যাট কোনোটিই দেওয়া হয়নি। টাকা ফেরত বা ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দিলে হত্যার হুমকি দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। পরে বাধ্য হয়ে ২০০৮ সালে মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.