রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁওয়ের পথে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
সফরের প্রথম দিন ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে হেলিকপ্টার অবতরণের পর রাষ্ট্রপতির সরাসরি জেলা সার্কিট হাউসে যাওয়ার কথা রয়েছে। সেখানে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে।
পরে তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং মোনাজাতে অংশ নেবেন। দুপুরে কালীবাড়ির নিজ বাসভবনে বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সমাজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি।
সফরের দ্বিতীয় দিন সোমবার ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কসংলগ্ন জামালপুর এলাকায় ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর। পরে নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন তিনি।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সফরের বিভিন্ন কর্মসূচির স্থান ও যাতায়াতের পথে দায়িত্ব পালন করছেন।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানিয়েছেন, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ইতোমধ্যে পূর্ণাঙ্গ নিরাপত্তাবলয় কার্যকর করা হয়েছে। অনুষ্ঠানস্থল, যাতায়াতের রুটসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে দেখা দিয়েছে উৎসবের আমেজ। শহরের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ, কোথাও চলছে আলোকসজ্জার প্রস্তুতি। একই সঙ্গে শহরকে পরিচ্ছন্ন ও সাজিয়ে তুলতে কাজ করছেন পৌরসভার কর্মীরা।
রাষ্ট্রপতির সফরকে ঘিরে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীরাও ব্যস্ত সময় পার করছেন। নিজ জেলার কৃতী সন্তানকে রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বরণ করে নিতে অপেক্ষায় রয়েছেন ঠাকুরগাঁওবাসী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.