রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু কর্পোরেশন রোসাটম এবং কাজাখস্তান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস এলএলপি (কেএনপিপি) কাজাখস্তানে বলখাশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য একটি ইপিসি চুক্তি স্বাক্ষর করেছে। ইস্টার্ণ ইকোনমিক ফোরামের সাইডলাইনে ৩ সেপ্টেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই বিদ্যুৎকেন্দ্রে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার দুটি পাওয়ার ইউনিট থাকবে।
রোসাটমের পারমাণবিক শক্তিবিষয়ক প্রথম উপ-মহাপরিচালক এবং অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রভ এবং কেএনপিপির মহাপরিচালক এরনাত বেরদিগুলভ নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ এবং কাজাখস্তানের পারমাণবিক শক্তি এজেন্সির চেয়ারম্যান আলমাসাদাম সাতকালিয়েভ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক কনসোর্টিয়ামের নেতৃত্ব প্রদানকারী রোসাটম নকশা তৈরি, যন্ত্রপাতি সংগ্রহ, নির্মাণ, কমিশনিং এবং গ্রাহকের কাছে সম্পূর্ণ স্থাপনা হস্তান্তরসহ প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়ন তদারকি করবে।
বিদ্যুৎকেন্দ্রে অত্যাধুনিক ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হবে, যা কঠোর আন্তর্জাতিক নিরাপত্তা মান ও চাহিদা পূরণে সক্ষম একটি পরীক্ষিত প্রযুক্তি। রাশিয়া, বেলারুশ, তুরস্ক, বাংলাদেশ, হাঙ্গেরি, মিশর এবং চীনে ইতিমধ্যেই ভিভিইআর-১২০০ ইউনিটগুলো বিদ্যুৎ উৎপাদন করছে অথবা নির্মাণাধীন রয়েছে। এসব রিঅ্যাক্টরের লাইফ সাইকেল ৬০ বছর, যা আরও ২০ বছর বাড়ানো সম্ভব।
রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বলেন, “প্রকল্পের প্রতিটি ধাপে সর্বোচ্চ আন্তর্জাতিক নিরাপত্তা এবং দক্ষতার মান পূরণ করে পাওয়ার ইউনিট নির্মাণ করা এবং অপারেশন নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
২০২৫ সালের আগস্ট থেকে সাইটের যথোপযুক্ততা নিশ্চিতে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং তা আগামী ২০২৭ সালে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এরপর নির্মাণের অনুমতির জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ শুরু করা হবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.