সরকারি সফরে জয়পুরহাটের কালাইয়ে যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহত নারীর হলেন ফিরোজা বেগম (৫৫)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন বলেন, ঢাকা থেকে রওনা হয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী জয়পুরহাটের কালাইয়ে যাচ্ছিলেন। পথে কিচক ব্রিজের কাছাকাছি পৌঁছালে প্রতিমন্ত্রীর প্রোটেকশন গাড়ি পার হওয়ার পর এক নারী হঠাৎ রাস্তার এপার থেকে ওপারে দৌঁড় দেন। তাঁকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি রাস্তা থেকে ধান ক্ষেতে গিয়ে পড়ে। এতে ওই নারী আহত হন।
আহত ফিরোজা বেগমের ভাতিজা রানু মিয়া সরদার বলেন, আহত নারী আমার বড় আম্মা। তিনি মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় প্রতিমন্ত্রীর গাড়ির সামনে দিয়ে এপার থেকে ওপারে দৌঁড় দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে তিনি আহত হন। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
গোপিনাথপুর গ্রামের প্রতিবেশী রানু বিবি বলেন, ফিরোজা বেগম তাল নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, আহত ফিরোজা বেগমকে বগুড়া টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর প্রায় ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.