বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এফসিএসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সাক্ষাতের শুরুতে আইসিএসবি প্রেসিডেন্ট প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মো. মোস্তাকুর রহমানকে অভিনন্দন জানান। এ সময় তিনি করপোরেট খাতে পেশাদারিত্ব, করপোরেট সুশাসন, নিয়ন্ত্রক বিধি পরিপালন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে আইসিএসবির বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে গভর্নরকে অবহিত করেন।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগে আইসিএসবির পেশাগত দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার বিষয়ে ইনস্টিটিউটের অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি। এ সময় আইসিএসবি প্রেসিডেন্ট গভর্নরের সদয় বিবেচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রস্তাব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ও আইসিএসবির মতো পেশাজীবী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও কার্যকর সহযোগিতা জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং সর্বোত্তম চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আইসিএসবি প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। একই সঙ্গে তিনি ইনস্টিটিউটকে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দেন।

আইসিএসবি প্রতিনিধিদল গভর্নরকে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। তারা আশা প্রকাশ করেন, গভর্নরের অব্যাহত সহযোগিতা ও দিকনির্দেশনা ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে আরও অগ্রসর হতে সহায়তা করবে।

সাক্ষাতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম এফসিএস, ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান এফসিএস, ট্রেজারার মো. মিজানুর রহমান এফসিএস, কাউন্সিল সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, মো. হুমায়ুন কবির এফসিএস, মোহাম্মদ হারুন আর রশীদ এফসিএস এবং সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.