জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নাম ও পরিচিতিসংবলিত কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জহিরুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের নাম ও পরিচিতিসংবলিত কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড দেওয়া হবে। কার্ডধারীরা ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ, পস ও কিউআর পেমেন্ট সেবা এবং এটিএম, সিআরএম নেটওয়ার্কসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা ব্যবহার করতে পারবেন।
এই উদ্যোগের আওতায় সংশ্লিষ্টদের জন্য ফি-ফ্রি সুবিধা, শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা এবং আর্থিক সাক্ষরতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী ভিসা, ইউপিআইসহ অন্যান্য কার্ড স্কিমের মাধ্যমেও সেবা গ্রহণের সুযোগ রাখা হবে।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান ও মো. মোশাররফ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.