যুক্তরাষ্ট্রের একটি মুদ্রায় এবার স্থান পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। গত এক শতাব্দীর মধ্যে এই প্রথম কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের মুখ দেশটির মুদ্রায় দেখা গেল।
বুধবার যুক্তরাষ্ট্রের টাঁকশাল ট্রাম্পের প্রতিকৃতিসংবলিত ১ ডলারের বিশেষ মুদ্রা উন্মোচন করেছে। দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে তৈরি এই মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতির পাশাপাশি ‘লিবার্টি’ এবং ‘ইন গড উই ট্রাস্ট’ লেখা রয়েছে।
যুক্তরাষ্ট্রের টাঁকশাল জানিয়েছে, বিশেষ সংস্করণের মুদ্রাটিতে ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনরত যুক্তরাষ্ট্রের চেতনা, গর্ব ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে।
টাঁকশালের ওয়েবসাইটে ২৫টি মুদ্রার একটি রোলের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৬১ ডলার। আর ১০০টি মুদ্রার একটি ব্যাগের দাম রাখা হয়েছিল ১৫৪ ডলার ৫০ সেন্ট। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটে থাকা সব মুদ্রা বিক্রি হয়ে যায়।
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের টাঁকশালের দোকানের ভেন্ডিং মেশিনেও মুদ্রাগুলো বিক্রি করা হচ্ছিল।
মুদ্রাটির রং সোনালি হলেও এটি সোনার তৈরি নয়। টাঁকশালের তথ্য অনুযায়ী, এতে ৮৮ শতাংশের বেশি তামা রয়েছে। বাকি অংশে রয়েছে দস্তা, ম্যাঙ্গানিজ ও নিকেল।
টাঁকশাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে একটি ঐতিহাসিক মাইলফলক উদ্যাপনের অংশ হিসেবে মুদ্রাটি তৈরি করা হয়েছে। বিশেষ নকশার এই মুদ্রা আধুনিক মুদ্রা সংগ্রহে উল্লেখযোগ্য সংযোজন হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের আইনে মুদ্রার পেছনের দিক বা রিভার্সে জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে মুদ্রার সামনের দিক বা অবভার্সে জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারের বিষয়ে আইনে স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। নতুন ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি সামনের দিকেই রাখা হয়েছে।
এর আগে গত মে মাসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিকৃতিসংবলিত নতুন ২৫০ ডলারের নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করছে তাঁর দপ্তর।
তবে মার্কিন ফেডারেল আইনে জীবিত ব্যক্তির ছবি-সংবলিত মার্কিন মুদ্রা ছাপার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত কয়েকজন কংগ্রেস সদস্য এই বিধান থেকে ব্যতিক্রম রাখার জন্য একটি বিল উত্থাপন করেছেন। প্রস্তাবটি বর্তমানে কংগ্রেসে আটকে আছে।
বেসেন্ট এর আগে জানিয়েছিলেন, অতীতেও একজন জীবিত মার্কিন প্রেসিডেন্ট দেশটির মুদ্রায় স্থান পেয়েছিলেন। ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ৫০ সেন্টের একটি মুদ্রায় তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছিল।
ট্রাম্প প্রশাসন ২০২০ সালে তাঁর প্রথম মেয়াদে পাস হওয়া ‘সার্কুলেটিং কালেক্টিবল কয়েন রিডিজাইন অ্যাক্ট’-এর কথাও উল্লেখ করেছে। ওই আইনে মুদ্রার পেছনের দিকে জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারে নিষেধাজ্ঞা রাখা হয়েছে। তবে সামনের দিকের ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা স্পষ্ট নয়।
এ ছাড়া ১৮৬৬ সালের থেয়ার সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কাগজের নোটে জীবিত কোনো ব্যক্তির প্রতিকৃতি ব্যবহার নিষিদ্ধ। তবে প্রচলিতভাবে এই বিধান মুদ্রার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
অর্থসূচক/


মন্তব্যসমূহ বন্ধ করা হয়.