বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের মধ্যে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তায় ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এ চুক্তিতে স্বাক্ষর করে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। তাঁর উপস্থিতিতে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুল্লাহ আল-মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বাড়ানো, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার ‘দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে পুনঃঅর্থায়ন স্কিম’ চালু করেছে। এই স্কিমের আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি অংশগ্রহণমূলক চুক্তিতে স্বাক্ষর করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। চুক্তি স্বাক্ষর শেষে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান এফ. এম. নেওয়াজ আলী চুক্তিপত্র হস্তান্তর করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীন এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং কৃষি বিনিয়োগ বিভাগের ইউনিট ইনচার্জ মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই অংশগ্রহণের মাধ্যমে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি স্কিমটির আওতায় ৭ শতাংশ সরল মুনাফা হারে দেশের উত্তরাঞ্চলে কৃষি বিনিয়োগ সুবিধা দেওয়ার অঙ্গীকার করেছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের কৃষি ও পল্লী অর্থনীতির উন্নয়ন, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, গ্রামীণ এলাকায় উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কৃষকদের সহজ ও সুলভ অর্থায়নের মাধ্যমে কৃষি সম্প্রসারণে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
অর্থসূচক/


মন্তব্যসমূহ বন্ধ করা হয়.