প্রধানমন্ত্রীর ১৯তম কারামুক্তি দিবস আজ

দীর্ঘ ১৮ মাসের কারাবাস শেষে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতাল থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তার ১৯তম কারামুক্তি দিবস।

২০০৭ সালের ৭ মার্চ রাজধানীর ক্যান্টনমেন্টের বাসা থেকে তারেক রহমানকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে কারাগারে রাখা হয়। কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে পিজি হাসপাতালে নেওয়া হয়।

২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বিকেলে হাসপাতাল থেকে জামিনে মুক্তি পান তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। তার মুক্তির সময় হাসপাতালের বাইরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা ভিড় করেন।

কারামুক্তির আট দিন পর, ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এর মধ্য দিয়ে শেষ হয় তার ৬ হাজার ৩১৪ দিনের প্রবাসজীবন।

বিএনপির নেতাকর্মীদের কাছে ৩ সেপ্টেম্বর তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে। দলটির নেতাদের অভিযোগ, কারাবন্দি অবস্থায় তারেক রহমান নির্যাতনের শিকার হয়েছিলেন। তাদের দাবি, ওই নির্যাতনের কারণে তার মেরুদণ্ডে গুরুতর সমস্যা দেখা দেয় এবং মুক্তির পরও তাকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে।

কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে বুধবার জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা তারেক রহমানের কারাবাস ও সে সময়ের বিভিন্ন ঘটনা তুলে ধরে বক্তব্য দেন।

দলীয় সূত্র জানিয়েছে, প্রতিবছরই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তির দিনটি স্মরণ করেন বিএনপির নেতাকর্মীরা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.