সিএসইর কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার প্রাক্কালে কমোডিটি এক্সচেঞ্জ ও ডেরিভেটিভস ট্রেডিংয়ের ব্যবসায়িক মডেল সম্পর্কে সম্যক ধারণা নিতে বাংলাদেশের পুঁজিবাজারের শীর্ষস্থানীয় নয়টি ব্রোকারেজ হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ভারত সফর করছে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি। সিএসইর উদ্যোগে প্রতিনিধিদলটি ভারতের মুম্বাইয়ে অবস্থিত মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এবং কয়েকটি ব্রোকারেজ অফিস পরিদর্শন করছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সিএসই এক প্রতিষ্ঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশে প্রথমবারের মতো সিএসইর ব্রোকারদের এই প্রতিনিধিদল ৩০ আগস্ট থেকে এমসিএক্স ইন্ডিয়া সফরে রয়েছে। ব্রোকারেজ হাউজে কমোডিটি ডেরিভেটিভস ট্রেডিংয়ের নিয়ম ও প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে সিএসইর প্রতিনিধিদল সরেজমিনে অভিজ্ঞতা অর্জন করছে।
চেলা সফট প্রাইভেট লিমিটেড আয়োজিত দীর্ঘ কর্মশালায় অংশ নেন এমসিএক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ম্রুগাঙ্ক পারাঞ্জ্যাপে। ৩০ আগস্ট মুম্বাইয়ে অবস্থিত দ্য ললিত মুম্বাইয়ের সভাকক্ষে ‘অপারেশনাল আসপেক্টস অব কমোডিটি ডেরিভেটিভস: আ ব্রোকারেজ পারস্পেক্টিভ’ শীর্ষক কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন এমসিএক্সের প্রাক্তন চিফ রিস্ক ম্যানেজমেন্ট অফিসার গিতেশ শাহ এবং চেলা সফটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্বাইয়া রাজাগোপাল।
১ সেপ্টেম্বর তাঁরা এমসিএক্স ইন্ডিয়ার অফিস পরিদর্শন করেন। সেখানে ‘অপারেশনাল প্রসিডিউরস: এক্সচেঞ্জ-টু-ব্রোকার ইন্টারফেস’ বিষয়ে উপস্থাপনা পর্বে যোগদানের পর এমসিএক্সসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এবং এমসিএক্সের সাবেক চিফ বিজনেস অফিসার ঋষি নাথানির সঙ্গে বৈঠক করেন।
সিএসইর উপ-মহাব্যবস্থাপক একেএম শাহরোজ আলম ও সহকারী মহাব্যবস্থাপক মো. ফয়সাল হুদার নেতৃত্বে লংকাবাংলা সিকিউরিটিজ, ওয়ান সিকিউরিটিজ, বি রিচ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, পূবালী ব্যাংক সিকিউরিটিজ, ইউসিবি স্টক ব্রোকারেজ, আইল্যান্ড সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ এবং এনএলআই সিকিউরিটিজের সমন্বয়ে নয় ব্রোকারের দল এমসিএক্সের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন এবং একাধিক কর্মশালায় অংশ নিচ্ছে।
২ সেপ্টেম্বর এমসিএক্স ইন্ডিয়ার আয়োজনে সিএসই প্রতিনিধিদলের আরও কয়েকটি ব্রোকারেজ অফিস পরিদর্শনের কথা রয়েছে।
অর্থসূচক/


মন্তব্যসমূহ বন্ধ করা হয়.