ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ১০০ ছাড়াল

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড হয়েছে।  গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে মারা গেছেন পাঁচজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১০২ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৮ জন, খুলনা বিভাগে ২৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, রাজশাহী বিভাগে ১১৪ জন, রংপুর বিভাগে ৩৪ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।

তথ্য অনুযায়ী, এ বছরে দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৭০ জনে। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০২ জনের। চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪ হাজার ৩৮৫ জন।

গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং এতে মারা যান ৪১৩ জন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.