ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৪

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে মারা গেছেন চারজন।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪৬৪ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৮৩ জন, বরিশালে ১৩২, চট্টগ্রামে ১২০, ময়মনসিংহে ৬৯ এবং রাজশাহীতে ৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৪৬ জনে। আগস্টে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে মাসিক হিসাবে সর্বোচ্চ। গত জুলাইয়ে আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ২০৬ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ও নারী দুজন করে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে ৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৩৪ জনের মৃত্যু হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.