অবৈধ ও লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে সরকার। অস্ত্রের ধরন ও উদ্ধারে তথ্যের গুরুত্ব বিবেচনায় তথ্যদাতাকে ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ ও লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হচ্ছে। ভারী অস্ত্র উদ্ধারে সহায়ক তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর পিস্তল, রিভলভার ও শটগান উদ্ধারে সহায়তাকারীরা পাবেন সর্বোচ্চ ৫০ হাজার টাকা।
এ ছাড়া সাউন্ড গ্রেনেড, লুণ্ঠিত টিয়ার-গ্যাস শেলসহ অন্যান্য অস্ত্র উদ্ধারে সহায়তার জন্য অস্ত্রের ধরন অনুযায়ী ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
মন্ত্রী জানান, অবৈধ ও লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র উদ্ধারে সারা দেশে অভিযান চলছে। পুলিশের বিশেষ ইউনিট ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তারা অভিযান পরিচালনা করছে। এসব অভিযান আরও জোরদার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় মাদক পাচারকারী, অপরাধী ও চাঁদাবাজদের বিরুদ্ধেও বিশেষ অভিযান পরিচালনা করা হবে। অভিযান জোরদারে সরকার কিছু কৌশল নির্ধারণ করেছে। খুব শিগগিরই এসব ক্ষেত্রে সফলতা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
লাইসেন্স বাতিলের পরও নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দেওয়া ব্যক্তিদের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করা হয়েছে। এসব অস্ত্রও অবৈধ হিসেবে গণ্য হচ্ছে এবং অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হবে।
সন্ত্রাসবাদ ও চাঁদাবাজি নির্মূলের বিষয়ে তিনি বলেন, অপরাধী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে অগ্রগতি দেখাতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.