পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) পুনর্দখলের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার (২৮ আগস্ট) পশ্চিমবঙ্গের যাদবপুরে আয়োজিত ‘বন্দে মাতরম’ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করবে ভারত।
যাদবপুরে আয়োজিত ওই কর্মসূচিতে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন। এ সময় সবাই একসঙ্গে ‘বন্দে মাতরম’ গান গেয়ে কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, ক্যাম্পাসে ‘আজাদি’ স্লোগান এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘হুমকি সংস্কৃতি’ চলছে অভিযোগ করে তিনি বলেন, রাষ্ট্রবাদী পরিবারের শিক্ষার্থীদের জোর করে আবাসিক ভবন থেকে মিছিলে নিয়ে যাওয়া হয়। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে ধরে ক্যাম্পাসে ‘আজাদি’ স্লোগান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পহেলগাঁও হামলা ও বিভিন্ন জঙ্গি হামলায় নিহতদের প্রসঙ্গ তুলে শুভেন্দু অভিযোগ করেন, এসব ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট প্রতিবাদ বা শোক প্রকাশ করা হয়নি। বরং ‘অপারেশন সিঁদুর’-এর বিরোধিতা করে মিছিল হয়েছে বলে দাবি করেন তিনি।
সমাবেশে কঠোর অবস্থানের কথা জানিয়ে শুভেন্দু বলেন, ‘হয় এরা থাকবে, নয় আমরা থাকব।’
পাকিস্তান অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে ‘অপারেশন সিঁদুর’-এর কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিয়েছে। এরপরই তিনি বলেন, ‘আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব।’
শুভেন্দুর এই বক্তব্যের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, জাতীয়তাবাদ এবং ভারত-পাকিস্তান সম্পর্ক ঘিরে তাঁর মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.