অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসা নিতে পারবে না- সরকার কখনই এটা হতে দেবে না। প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারিভাবে আর্থিক সহায়তা দিয়ে নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে এমপি বানিয়ে মন্ত্রিত্ব হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আজ আপনাদের সব কথা শোনার জন্য আপনাদের কাছে এসেছি। আপনারা যারা বিএনপির একনিষ্ঠ কর্মী রয়েছেন, তারা প্রত্যেকেই দলের জন্য অনেক ত্যাগের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, দেশের তৃণমূল পর্যায়ে পাড়া-মহল্লা ও প্রত্যেকটি ওয়ার্ডে বিএনপির কর্মী সংখ্যা বাড়াতে হবে। যোগ্য লোকদের বিএনপির কর্মী হিসেবে দলে যুক্ত করতে হবে। বিএনপি একা চলার দল নয়। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে বিএনপির পতাকাতলে নিয়ে আসার নাম হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি। তিনি প্রত্যেক নেতাকর্মীকে সহনশীল আচরণের মাধ্যমে দলের ভাবমূর্তি ঊর্ধ্বে রাখার আহ্বান জানান।

তিনি বলেন, গ্রাম-গঞ্জের যেসব দরিদ্র পরিবারের শিশুরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না বা স্কুলে যাচ্ছে না, আপনারা তাদের চিহ্নিত করুন এবং তাদের পাশে গিয়ে দাঁড়ান। সরকার তাদের আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা করিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে বলে তিনি ঘোষণা দেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.