অবৈধ অভিবাসন ও শ্রম আইন ভঙ্গের অভিযোগে সৌদিতে ১৪ হাজার ২৬০ জন গ্রেপ্তার

অবৈধ অভিবাসন ও শ্রম আইন ভঙ্গের অভিযোগে সৌদিতে ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত ১৪ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম।

গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ৯০০ জনের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন, ৩ হাজার ৯৮২ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং ৩ হাজার ৩৭৮ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া একই সময়ে সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের অভিযোগে পৃথকভাবে আরও ১ হাজার ৫২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব গ্রেপ্তার ব্যক্তির ৬৩ শতাংশ ইথিওপিয়ার, ৩৬ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এক বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে চলতি আগস্টের শুরু থেকে অভিযান শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩১ হাজার ৯২২ জনকে। গ্রেপ্তারদের মধ্যে ১৩ হাজার ৭২৪ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং ১৮ হাজার ৮০৮ জনকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ৩১ হাজার ৯২২ জনের মধ্যে ২৯ হাজার ৯৬১ জন পুরুষ এবং ১ হাজার ৯৬১ জন নারী।

এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির কোনো নাগরিকের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ওই নাগরিককে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.