ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। একই সঙ্গে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার ১৬ আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা পৃথক আপিল ও জেল আপিল করেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজীর মাদরাসায় নুসরাতের গায়ে আগুন দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হলে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর চলতি মাসে মামলাটির হাইকোর্টে শুনানি শুরু হয়। গত ২০ আগস্ট শুনানি শেষ হওয়ার পর আজ রায়ের দিন নির্ধারণ করা হয়েছিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.