রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন।

শনিবার (২২ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বার্তায় এ অভিনন্দন জানায়।

বার্তায় বলা হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন বঙ্গভবনে শপথ নেওয়ার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্রের এই বার্তাকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নতুন সরকারের সঙ্গে রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহের ইঙ্গিত মিলছে বলে মনে করা হচ্ছে।

তবে মার্কিন দূতাবাসের বার্তায় নির্দিষ্ট কোনো খাতের কথা উল্লেখ করা হয়নি। শুধু দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশার কথা জানানো হয়েছে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক অংশীদারের পক্ষ থেকেও অভিনন্দন বার্তা এসেছে। চীন, ভারত, যুক্তরাজ্য, পাকিস্তান, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড ও নেপালসহ বিভিন্ন দেশ ও কূটনৈতিক মিশন নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.