কক্সবাজার থেকে ঢাকাগামী স্লিপার বাসে আগুন, ৩০ যাত্রী উদ্ধার

কক্সবাজার থেকে ঢাকাগামী একটি স্লিপার বাসে আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে প্রায় ২৫ থেকে ৩০ যাত্রীকে নিরাপদে বের করে আনেন। ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। বাসটি আইকন পরিবহনের বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বাসে আগুন দেখতে পেয়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে একে একে যাত্রীদের বের করে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের বাস থেকে নামিয়ে আনে। বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামালও উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

এদিকে আগুন লাগার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী। তবে তাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগুনের ঘটনায় ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি কিংবা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.