সৌদির ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুতিদের

জুলাইয়ের শেষ থেকে এখন পর্যন্ত সৌদি আরবের তেলবাহী ৮টি ট্যাংকার জাহাজে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার (১৯ আগস্ট) বিদ্রোহীদের বরাতে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম।

জুলাইয়ের শেষ দিকে লোহিত সাগরের বাব এল মান্দেবে সৌদির পণ্যবাহী জাহাজে অবরোধ আরোপের ঘোষণা দেয় ইরান সমর্থিত হুতি বাহিনী।

গণমাধ্যম হুতিদের একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বিদ্রোহী গোষ্ঠীটি বলেছে, “গত ২০ জুলাই থেকে আমরা সৌদির ৮টি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছি। এর মধ্যে ৫টি লোহিত সাগরে। আর ৩টি এডেন ও আরব সাগরে। এছাড়া সৌদির ৫০টির বেশি জাহাজকে লোহিত সাগর ও আরব সাগর দিয়ে চলাচলে বাধা দেওয়া হয়েছে। এসব জাহাজকে তাদের গতিপথ বদলাতেও বাধ্য করা হয়েছে।”

এছাড়া মোখা বন্দরে দুটি সামরিক ল্যান্ডিং জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবিও করেছে হুতিরা। তারা বলেছে, এসব জাহাজে সৌদি থেকে আসা অস্ত্র ছিল। এর সঙ্গে সৌদি আরবের ১০টি যুদ্ধজাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে হুতিরা। তবে তারা এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি।

লোহিত সাগরের বাব এল মান্দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট। ইরান যখন হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, তখন সৌদি বাব এল মান্দেব দিয়ে তাদের তেল রপ্তানি বাড়িয়ে দিয়েছিল। এছাড়া অন্যান্য দেশের জাহাজও এ পথ দিয়ে চলাচল করে।

লোহিত সাগরের অপর প্রান্তে রয়েছে মিসরের বিখ্যাত সুয়েজ খাল। হুতিরা অবরোধ আরোপের পর সৌদির জাহাজগুলো এখন সুয়েজ খাল দিয়ে চলাচল করছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.