দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সরবরাহ, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে কাতার সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে দোহার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। আগামী ১৯ আগস্ট রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এ সফরে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির।

সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল-থানির সঙ্গে বৈঠক করবেন ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশেষ করে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, কাতারি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশি প্রবাসী কর্মীদের বিভিন্ন বিষয় আলোচনায় গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে অর্থনীতি ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।

উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের সফরে সরকারের অর্থনীতি, জ্বালানি, বিনিয়োগ ও পররাষ্ট্রনীতির সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাতের প্রতিনিধিও রয়েছেন। ফলে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.