রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ আজ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে পারবেন। তবে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী বৃহস্পতিবার, ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, তফসিল অনুযায়ী আজ বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হবে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে রাষ্ট্রপতি পদে দুজনের মনোনয়নপত্র বৈধ রয়েছে।

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তার প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের ডা. আমির শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন।

গত ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন দুজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করে।

প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে একাধিক প্রার্থী বহাল থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে সংসদ সদস্যরা ব্যালটে ভোট দেবেন। নির্ধারিত তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ব্যালট জমা দেওয়ার আগে সংসদ সদস্যদের ব্যালটে স্বাক্ষর করতে হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিকেল ৫টায় ভোট গণনা শুরু হবে।

ইসি জানিয়েছে, মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধ হয়েছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কে কত ভোট পেয়েছেন, তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ঘোষণা করবেন। এরপর সচিবালয়ে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচন সামনে আসার পটভূমিতে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। পরে ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.