কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি, গ্র্যান্ড চ্যাম্পিয়নের থাইল্যান্ডের টিকিট

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ চলাকালীন ফ্যান্টাসি ফুটবল চ্যালেঞ্জ আইডিএলসি কিকস্টার্ট ৩.০ আয়োজন করে আইডিএলসি ফাইন্যান্স। রোমাঞ্চকর এ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার দিতে ১৬ আগস্ট গুলশানের লেকশোর হাইটস হোটেলে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করে আইডিএলসি।

সোমবার (১৭ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়ে মো. আতিকুল ইসলাম রাব্বি জিতে নিয়েছেন থাইল্যান্ডের দুটি বিমান টিকিট। এছাড়াও বিভিন্ন গেম উইক ও নকআউট পর্বের মোট ৩৫ জন বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় ই-বাইক, অ্যান্ড্রয়েড টিভি, ড্রোন, স্মার্ট প্রজেক্টর, স্মার্ট ব্যান্ড, ওয়্যারলেস হেডফোন, স্মার্ট ট্যাবলেট ও পোর্টেবল অডিও স্পিকারসহ নানা আকর্ষণীয় পুরস্কার।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা মাসুদ করিম মজুমদার, পরিচালন বিভাগের প্রধান ইন্দ্রজিৎ মল্লিক, ট্রেজারি বিভাগের প্রধান নুরুল করিম পাটোয়ারী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নুরুল আলম জুয়েলসহ আইডিএলসির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

ফুটবল বিশ্বকাপ চলাকালে সারা দেশ থেকে প্রায় ৩ লাখ ফুটবলপ্রেমী কিকস্টার্ট ৩.০-এ অংশ নেন। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের সময় আয়োজিত যথাক্রমে কিকস্টার্ট ১.০ ও কিকস্টার্ট ২.০-এর সাফল্যের ধারাবাহিকতায় এবারের আয়োজনটি অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সহায়তায় বিশেষ আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমী তরুণ শিক্ষার্থীদের কিকস্টার্টের সঙ্গে সম্পৃক্ত করা হয়। খেলার মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে আর্থিক পরিকল্পনার মৌলিক ধারণাগুলো আরও সহজ করে তোলাই ছিল এই প্রচারণার মূল লক্ষ্য। অংশগ্রহণকারীদের টুর্নামেন্টের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নির্দিষ্ট বাজেটের মধ্যে প্রতি সপ্তাহে সেরা দল গঠন, কৌশলগতভাবে খেলোয়াড় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ নানা সিদ্ধান্ত নিতে হয়। এর মাধ্যমে তারা বাস্তব জীবনেও যথাযথ আর্থিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং কার্যকর আর্থিক সিদ্ধান্ত গ্রহণের চর্চা করেন।

আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, “জনপ্রিয় একটি আয়োজনের সঙ্গে একই সময়ে তরুণদের কাছে আর্থিক পরিকল্পনার ধারণাকে সহজ ও আকর্ষণীয় করে তোলাই আইডিএলসি কিকস্টার্টের লক্ষ্য। আমরা আশা করি, এই আয়োজনটি অংশগ্রহণকারীদের বাস্তব জীবনের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও একই ধরনের শৃঙ্খলা, পরিকল্পনা ও কৌশলগত চিন্তাভাবনা প্রয়োগে উৎসাহিত করবে।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.