সৌদি আরবে যাত্রীদের ভ্রমণ নথি যাচাইয়ের নির্দেশ

সৌদি আরবে প্রবেশ কিংবা দেশটি ছেড়ে যেতে ইচ্ছুক যাত্রীদের ভ্রমণ নথি যাচাই করার নির্দেশ দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (গাকা)।

রোববার (১৬ আগস্ট) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে গাকা। সেখানে বলা হয়েছে, এখন থেকে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম পরিচালনাকারী সব বেসরকারি বিমান সংস্থাকে তাদের উড়োজাহাজের যাত্রীদের ভ্রমণসংক্রান্ত নথি যাচাই করতে হবে। সৌদি আরবে প্রবেশ বা দেশটি থেকে বের হওয়া এবং চূড়ান্ত গন্তব্য কিংবা ট্রানজিট বিমানবন্দরে যাওয়ার ক্ষেত্রে এ নির্দেশ প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান সংস্থাগুলোকে যাত্রীদের গন্তব্য ও ট্রানজিট দেশের সর্বশেষ প্রবেশ, প্রস্থান ও ট্রানজিটসংক্রান্ত শর্তগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাপ্তরিক চ্যানেল অথবা অনুমোদিত বিধিবিধানের মাধ্যমে যাচাই করতে হবে। একই সঙ্গে যাত্রীদের গন্তব্য ও ট্রানজিট দেশের প্রয়োজনীয় নথি সঙ্গে রয়েছে কি না, তা বোর্ডিংয়ের সময় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া গাকা জারি করা সব ধরনের বিজ্ঞপ্তি, আদেশ ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিমান সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ঠিক কী কারণে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ নির্দেশ দিয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.