দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার প্রকাশ্যে সংবাদ সম্মেলনের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পরিবেশ নষ্ট হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৬ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে বাংলাদেশের অবস্থান ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে। সফর সফল করতে দুই দেশের মধ্যে একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।
এসময় প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চলছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে। এসব বিষয়ে এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
মুখপাত্র আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অব্যাহত রাখবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.