ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগে তাদের হলের আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ গতকাল রাতে বিষয়টি জানিয়ে তাঁর ফেসবুকে পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের (সমকামিতা)’ অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হল থেকে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে তাঁদের তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, আমরা অভিযুক্ত দুই শিক্ষার্থীর হলের সিট স্থায়ীভাবে বাতিল করেছি।
এর আগে গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাঁকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এ ছাড়া শহীদুল্লাহ হলে হল সংসদের সহসাধারণ সম্পাদকের (এজিএস) কক্ষে থাকা তাঁর দুই অতিথির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠে। এ ঘটনায় এজিএসের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.