সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে অভিযোগ: ইসলামী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত

প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ৩৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগকারী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলীকে সাময়িক বরখাস্ত করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।

ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইয়াসীন আলী গত সোমবার (১০ আগস্ট) দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগটি করেন। তার অভিযোগ, সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালক থাকা অবস্থায় এবং এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের ঋণসীমা ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরে ওই অর্থ যোগসাজশের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।

অভিযোগ দায়েরের পরদিনই ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করে ইসলামী ব্যাংক। ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ব্যবস্থাপনার সঙ্গে আলোচনা বা অনুমোদন ছাড়াই তিনি সরাসরি দুদকে অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, “ব্যাংকের কোনও কর্মকর্তা সরাসরি দুদকে অভিযোগ করার বিধান নেই। কোনও মামলা বা আইনি পদক্ষেপ নিতে হলে আদালতের মাধ্যমে করতে হয়।”

উল্লেখ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার পর ইসলামী ব্যাংকে ঋণ অনিয়মসহ বিভিন্ন ধরনের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির তৎকালীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। বর্তমানে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সময়ের ঋণ অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে।

এমন সময়ে ওই অনিয়মের অভিযোগ দুদকে তুলে ধরা এক ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.