শিক্ষকদের ভাতার ৭০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষকেরা তাদের পাওনা ও ভাতার টাকা পাননি।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে আয়োজিত ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকার ১৫ আগস্ট পালনের নামে হাজার কোটি টাকা ব্যায় করেছে। তারা বিভিন্ন সেক্টর থেকে টাকা আত্মসাৎ করেছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জাতির প্রয়োজন দিনরাত কাজ করছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ সব সেক্টরের উন্নয়নে সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন।

দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, শুধু সমালোচনা না করে আসুন সবাই একসঙ্গে কাজ করি। সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের অংশ হিসেবে দেশের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের শিক্ষা ব্যাবস্থার উন্নয়নে দিনরাত কাজ করছি।

মন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন করতে হবে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নে মানবসম্পদ উন্নয়ন। আর মানবসম্পদ উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.